সারা দেশে প্রথম আলোর উদ্যোগে সংবাদপত্র বিক্রয়কর্মীদের রেইনকোট দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল বুধবার রেইনকোট পেলেন ২৪২ জন বিক্রয়কর্মী। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: যশোর: গতকাল সকালে যশোর সদর, বেনাপোল ও মনিরামপুর উপজেলার ১৭১ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, সার্কুলেশন নির্বাহী গৌতম মণ্ডল, আঞ্চলিক বিক্রয় নির্বাহী আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা: গতকাল সাতক্ষীরা সদরের ৩২ জন ও কলারোয়া উপজেলার ১৪ জন বিক্রয়কর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার সংবাদপত্র বিক্রয় প্রতিনিধি (এজেন্ট) নূর ইসলাম, কলারোয়া উপজেলার এজেন্ট মনিরুল ইসলাম, প্রথম আলোর খুলনা অঞ্চলের বিপণন কর্মকর্তা আসাদুজ্জামান, সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ। গলাচিপা (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলার নয়জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে দেওয়া হলো রেইনকোট। গতকাল দুপুরে গলাচিপা পৌরসভার সাগর নিউজ এজেন্সির সামনে এসব রেইনকোট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এজেন্ট শংকর লাল দাশ, প্রথম আলোর বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, গলাচিপা প্রতিনিধি ইশরাত হোসেন। নরসিংদী: গতকাল সকালে নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার ১২ বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। সদর উপজেলার ভেলানগর মাইক্রোবাস স্ট্যান্ড ও রায়পুরা উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় এসব রেইনকোট বিতরণ করা হয়। প্রথম আলোর বিপণন বিভাগের আঞ্চলিক নির্বাহী মো. আমিনুল ইসলাম বিক্রয়কর্মীদের হাতে এসব রেইনকোট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রতিনিধি মো. মনিরুজ্জামান, এজেন্ট মো. শরীয়তউল্লাহ ও বিশ্বনাথ সাহা।জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চারজন বিক্রয়কর্মীকে গতকাল দুপুরে রেইনকোট দেওয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা পরিষদ রোডের নকিব বুক অ্যান্ড পত্রিকা বিতান কেন্দ্রে বিক্রয়কর্মীদের হাতে এসব রেইনকোট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সিলেট অঞ্চলের বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক পিনাক রঞ্জন তালুকদার, জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, নকিব বুক অ্যান্ড পত্রিকা বিতান কেন্দ্রের মালিক রিয়াজ রহমান, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।