জামালপুরে রেলপথে যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার জামালপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত ওই কর্মসূচিতে সব শ্রেণির মানুষ অংশ নেয়।
গতকাল বিকেল চারটায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর শাখা যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ট্রেনের যাত্রী ও সাংবাদিকেরা অংশ নেন।
এতে সনাকের জামালপুর শাখার সভাপতি এ এ কে মাহমুদুল হাসান, সনাক সদস্য মীর আনছার আলী, সুকুমার চৌধুরী, শামীম আরা, এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম ও টিআইবির এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।
মানববন্ধনে বক্তারা কয়েক দফা দাবির কথা উল্লেখ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জামালপুর-ঢাকা রেলপথ দুই লেনে উন্নীতকরণ, দুটি নতুন আন্তনগর ট্রেন, আন্তনগর ও লোকাল ট্রেনের আসনসংখ্যা বৃদ্ধি, লক্কড়ঝক্কড় ইঞ্জিন মেরামত, নতুন বগি সংযুক্ত করা, টিকিট কালোবাজারি বন্ধ করা, প্ল্যাটফর্ম থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যাত্রীদের ব্যবহারের জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগার সার্বক্ষণিক খোলা রাখা, প্ল্যাটফর্মে যাত্রীদের বসার চেয়ারের ব্যবস্থা, নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করা, প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন সংরক্ষণ করা ও নারীবান্ধব সেবা নিশ্চিত এবং প্রতিটি আন্তনগর ট্রেনের প্রথম শ্রেণির আসনসংখ্যা বৃদ্ধি করা।