বাংলাদেশ রেলওয়ের ২৫৯ জন কর্মচারীকে সপ্তাহে এক দিন ছুটি দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। যোগাযোগসচিব, জন-প্রশাসনসচিব ও রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী সাইদুর আলম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার মামলা পরিচালনা করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রিট আবেদনকারী খালাসি, সুইপার ও ক্লিনার পদের এসব কর্মচারীকে সপ্তাহে সাত দিন, মাসে ৩০ দিন ও বছরে ৩৬৫ দিনই কাজ করতে হয়। অতিরিক্ত শ্রমের জন্য তাঁদের কোনো মজুরিও দেওয়া হয় না।