রোগীদের ভালোবাসা সাদা পোশাকেই

কথায় বলে, দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বোঝে না। সুস্থ দাঁত আমাদের সুস্থতা ও আত্মবিশ্বাসের অন্যতম হাতিয়ার। সাদা, সুন্দর দাঁতের স্নিগ্ধ-সতেজ হাসি মাঝেমধ্যে কথার চেয়েও বেশি কাজ করে। আমাদের দাঁতকে সুস্থ ও ভালো রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাদা পোশাকের হিরোরা। তেমনই একজন সাদা কাপড়ের হিরো সিআরপি (ডিএমসিএইচ), কনসালট্যান্ট ডেন্টাল সার্জন ও সিআরপি (ডিএমসিএইচ), পিজিটি (ডিডিসিএইচ) ড. বিশ্বজিৎ বসাক।

সাদা কাপড়ের এই হিরোর মুখেই শোনা যাক ভালো লাগার অনুভূতির কথা, ‘দু-তিন বছর আগের একদিনের ঘটনা। একটা ছোট্ট বাচ্চার দাঁতের ট্রিটমেন্ট করেছিলাম। পরদিন সে তার মাকে নিয়ে আমার চেম্বারে হাজির; অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই। সঙ্গে ফুলের তোড়া আর নিজ হাতে বানানো একটা কার্ড। কার্ডটিতে লেখাÑ“বেস্ট ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড”। বিষয়টা খুব সামান্য হলেও সেটি ছিল আমার জন্য অনেক বড় একটি পাওয়া, যা সারা জীবন মনে থাকবে।’

ড. বিশ্বজিৎ বসাকের মতো দাঁতের নানান সমস্যায় যাঁরা আস্থা আর নির্ভরতার প্রতীক হয়ে আমাদের পাশে দাঁড়ান, তাঁদের আমরা চিনি ডেন্টিস্ট হিসেবে। রোগীদের দাঁতের সুস্থতায় তাঁদের দিতে হয় দীর্ঘ সময় আর ধৈর্যের পরীক্ষা। দক্ষ হাতে আমাদের দাঁতের যন্ত্রণা উপশমে তাঁদের চেষ্টা আর আন্তরিকতার কমতি থাকে না।

সাদা পোশাকের হিরো ড. বিশ্বজিৎ বসাক বলেন, ‘ডেন্টিস্টরা সাদা পোশাক পরেন। এটা মূলত পরিচ্ছন্নতার প্রতীক। শুভ্রতার প্রতীক। সাদা পোশাকে কোনো রকম দাগ বা ময়লা কিছু লাগলে সেটা আমরা সহজেই পরিবর্তন করে নিতে পারি।’

কীভাবে সাদা পোশাক পরিষ্কার রাখেন? এ বিষয়ে ড. বিশ্বজিৎ বসাক বলেন, ‘সাদা পোশাক পরিষ্কার করতে প্রথমত ডিটারজেন্ট ব্যবহার করি। বেশির ভাগ ক্ষেত্রে আমরা অ্যাপ্রোনকে অটোক্লেভ করে থাকি, যাতে জীবাণুমুক্ত হয়।

কারণ, অ্যাপ্রোন যদি জীবাণুমুক্ত না থাকে, তাহলে একজন রোগীও ওই জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারেন।’

সাদা কাপড় আর সাদা দাঁতের সমন্বয় যাঁদের করেছে অন্যদের চেয়ে আলাদা, সুস্থ দাঁতে সুন্দর হাসির উপলক্ষ তৈরি করে দেওয়া সেই সাদা কাপড়ের সুপার হিরোদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। অসীম শ্রদ্ধা।