ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল এবং সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সমাবেশ হয়েছে। আজ সোমবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে বাম গণতান্ত্রিক জোট এই সমাবেশ করে।
বাম জোটের চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও সিপিবির জেলা সাধারণ সম্পাদক অশোক সাহার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমি, বাসদের (মার্কসবাদী) জেলা কমিটির সদস্যসচিব শফি উদ্দিন কবির, বাসদ জেলা কমিটির সদস্য রায়হান উদ্দিন, গণসংহতি আন্দোলনের নেতা ফরহাদ জামান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছেন। স্বাস্থ্যমন্ত্রী অফিস করেন না, ১ হাজার ৮০০ পদে নিয়োগে কোটি টাকার বাণিজ্য, জরুরি চিকিৎসা সরঞ্জাম ১০ মাস বিমানবন্দরে পড়ে রয়েছে, ৯ সরকারি হাসপতালে কেনাকাটায় ৩৫০ কোটি টাকার দুর্নীতির প্রতিবেদন করার কারণে চক্রান্তের শিকার হন। দুর্নীতিবাজ আমলারা তাঁকে ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা ধরে হেনস্তা করেন।
এরপর ঔপনিবেশিক আমলের ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দিয়ে গ্রেপ্তার করে, যা স্বাধীন সাংবাদিকতা, বাক-ব্যক্তির স্বাধীনতায় সরকারি হস্তক্ষেপের নগ্ন বহিঃপ্রকাশ এবং সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার পরিপন্থী।
বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার, তাঁকে হেনস্তাকারীদের শাস্তি, মন্ত্রী-সচিবের অপসারণের দাবি জানান।