
সচিবালয়ে যারা রোজিনা ইসলামকে হেনস্তা করেছেন, তাঁদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোপন নথি চুরির যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি জানিয়েছেন রামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আজ বুধবার রামগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব দাবি জানিয়েছেন সাংবাদিকেরা।
সভায় ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ও রোজিনা ইসলামের মুক্তি দাবি করে বক্তারা বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি দেওয়া না হলে আমরা রাজপথে নামব এবং দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনে গত সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাঁকে সেখানে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয়। পরে শাহবাগ থানায় এনে তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়। ওই মামলায় এখন কারাগারে আছেন রোজিনা ইসলাম।
সাংবাদিক রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে সচিবালয়ের একটি কক্ষে আটকে রেখে চরমভাবে হেনস্তা করা হয়েছে। এমনকি রোজিনা ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন রামগঞ্জ প্রেসক্লাবের নেতারা।
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কাউছার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, রামগঞ্জ বার্তার সহসম্পাদক আবুল ফয়েজ রানা, রামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, অর্থ সম্পাদক আবু তাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম কবির।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম খান লিটন, নির্বাহী সদস্য রহমত উল্যাহ পাটওয়ারী, জাকির হোসেন সুমন, ইকবাল খন্দকার শান্ত, সদস্য ওমর ফারুক পাটোয়ারী, আউয়াল হোসেন, মো. রাজন পাটোয়ারী, মো. পারভেজ, আবদুর রহমান, মো. রাজু হোসেন ও মো. ছায়েদ হোসেন।