লক্ষ্মীপুর সদর উপজেলায় গত মঙ্গলবার রাতে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার রাতে ওই নারী ১০ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা করেন। পুলিশ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, সদর উপজেলার দিঘলী এলাকার ওই নারী ও তাঁর ভাই গত মঙ্গলবার চরশাহী ইউনিয়নে খালার বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার রাতে ৮-১০ জন যুবক ওই বাড়িতে গিয়ে ওই নারী ও তাঁর ভাইকে বাড়ি থেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যান। একপর্যায়ে যুবকেরা ওই নারীর ভাইকে মারধর করে রাস্তায় ফেলে দেন। পরে চরশাহীর রামপুর এলাকার একটি বাড়িতে আটকে ওই নারীকে ধর্ষণ করেন ওই যুবকেরা।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন খবর দিলে বুধবার বিকেলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে।