সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেন, সুজন মিয়া ও মাহফুজ কাউছার ঘোড়া প্রতীক চান। পরিস্থিতি সামাল দিতে গতকাল শুক্রবার লটারির আয়োজন করা হয়। এতে মাহফুজ কাউছার বিজয়ী হন। অন্য দুই প্রার্থী লটারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এ ইউনিয়নে ভোটার ১৯ হাজার ২০১ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭১৯ ও নারী ভোটার ৯ হাজার ৪৮২। আগামী ৪ জুন এ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বংশীকুণ্ডা উত্তর ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করার সত্যতা নিশ্চিত করেছেন।