মন্ত্রিসভা থেকে বাদ পড়া আবদুল লতিফ সিদ্দিকীর আইনানুগ শাস্তি দাবি করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার সকালে এই দাবির সমর্থনে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী।
গতকাল সকালে প্রেসক্লাব চত্বরে আওয়ামী লীগের শ দুয়েক নেতা-কর্মী জড়ো হন। সেখানে লতিফের কুশপুত্তলিকা দাহ করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বক্তৃতা করেন।
মানববন্ধন কর্মসূচিতে ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, ‘আবদুল লতিফ সিদ্দিকী প্রিয় নবী করিম (সা.), পবিত্র হজ ও তাবলিগ জামাত সম্পর্কে মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তাঁকে মন্ত্রিসভা ও সাংগঠনিক দায়িত্ব থেকে কেবল বাদ নয়, আইনানুগ ব্যবস্থাও নিতে হবে। তাঁর সংসদ সদস্যপদও খারিজ করতে হবে। প্রচলিত আইনে আমরা তাঁর শাস্তি দাবি করছি।’