লালমনিরহাট জেলা পরিষদের আওতাধীন মরা গাছ কাটার দরপত্রকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। দরপত্র খোলার দিন গত মঙ্গলবার কলেজ বাজার এলাকায় সদর উপজেলা যুবলীগ ও মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল বায়েছ বলেন, মহেন্দ্রনগর এলাকার কিছু মরা গাছ কাটার দরপত্রকে কেন্দ্র করে জেলা পরিষদের কার্যালয়ের বাইরে সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে তিনি আর কিছু বলতে রাজি হননি।সূত্র জানায়, সংঘর্ষে আহত ব্যক্তিরা মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের কর্মী। গুরুতর আহত মিঠু, আবদুস সালাম ও বিপুল চন্দ্রকে লালমনিরহাট সদর হাসপাতালে এবং সাইদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লালমনিরহাট সদর উপজেলা যুবলীগ সংঘর্ষের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে।