লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের একটি ফসলের মাঠ থেকে পুলিশ গত মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে৷ ময়নাতদন্তের জন্য লাশটি গতকাল সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়৷ রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং দুই হাত পিঠের পেছনে একটি শার্ট দিয়ে বাঁধা ছিল। এ ছাড়া নাক, মুখ ও দুই চোখে আঘাতের চিহ্ন ছিল৷