ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শত বছরের পরিত্যক্ত একটি ভবন ভেঙে শৌচাগার নির্মাণের প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের ব্যানারে শহরের চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা তিনটার দিকে শুরু হওয়া মানববন্ধনে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ওবায়দুল্লাহ মাসুদ, মাসুদ আহমেদ, মোস্তাফিজুর রহমান, আনজামুল হক, মনসুর আলী প্রমুখ বক্তৃতা করেন।