বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভার পর সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ১২ মার্চ ঢাকায় চারদলীয় জোট ও সমমনা দলগুলোর উদ্যোগে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই সভা হয়। ১২ মার্চের মহাসমাবেশ সফল করতে মির্জা ফখরুল দলীয় নেতা-কর্মীসহ সবার প্রতি আহ্বান জানান। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।যৌথ সভায় মহান শহীদ দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি বিকেলে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা ও ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।