সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক কারাগারে আটক থাকায় প্যানেল মেয়র-২ নাছির উদ্দিনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি সিরাজগঞ্জ জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিমুল রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন দৈনিক সমকাল-এর শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম। পরদিন ঢাকায় নেওয়ার সময় তিনি মারা যান।