সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী পশ্চিম পাড়ার টিআর বন্দর গ্রামে এক সন্তানের জননী গৃহবধূ শাহানা খাতুনকে (২২) পিটিয়ে অতঃপর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর স্বামীসহ বাড়ির সবাই পলাতক। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানান, যৌতুকের ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।নিহত শাহানার গলায়, দেহে ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, পেটানোর পর তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শাহানার বাবা সিদ্দিক মিয়া বাদী হয়ে মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।