হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনা মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা পৌনে ১২টায় এই মহড়ার উদ্বোধন করেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার।
মহড়ায় একটি ডামি (নকল) বোয়িং ৭৩৭ উড়োজাহাজের দুর্ঘটনা দেখিয়ে সেটার উদ্ধার-তৎপরতা দেখানো হয়। মহড়া চলাকালে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব বিমান চলাচল বন্ধ রাখা হয়।
মহড়ায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নিনির্বাপণ গাড়ি ও হেলিকপ্টার, নৌবাহিনীর ডুবুরি, সেনাবাহিনীর উদ্ধার যান ও উদ্ধারকারী, বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধি, কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা অংশ নেন।