গণজাগরণ মঞ্চ

শাহবাগ থেকে টিএসসি আলোক প্রজ্বালন

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পর্যন্ত আলোক প্রজ্বালন করেছে।
মহান একুশের ভাষাশহীদদের স্মরণে এই আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। এর আগে শুক্রবার একুশের প্রথম প্রহরে জাতীয় জাদুঘরের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা করে সেখানে ফুল দেন মঞ্চের কর্মী-সংগঠকেরা। এর মাধ্যমে শহীদদের প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর্ব শুরু হয়।
পরে বিকেল থেকে জাদুঘরের সামনে ‘একুশের গান’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে গাওয়া অসংখ্য গানের মধ্য থেকে বাছাই করা ১৬টি গান নিয়ে শাহবাগের গান শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।
সন্ধ্যায় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ ও ‘ও আলোর পথযাত্রী’ গানের মধ্য দিয়ে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত প্রদীপ জ্বালানো হয়। এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত, কথাসাহিত্যিক শাহাদুজ্জামান এই কর্মসূচির উদ্বোধন করেন।