চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসাইনকে তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুটি লাভজনক পদে থাকার অভিযোগে মন্ত্রণালয় তাঁকে বরখাস্ত করেছে। গত বুধবার বরখাস্ত-সংক্রান্ত চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসে।
জানা যায়, মো. আবুল হোসাইন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভোলদিঘী কামিল মাদ্রাসার আরবির প্রভাষক হিসেবে দুটি পদে কর্মরত। তিনি ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুর নাহার স্বাক্ষরিত চিঠির আদেশে বলা হয়, একই ব্যক্তি দুটি লাভজনক পদে বহাল থাকার কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী বলেন, ‘সংবাদটি আমি পেয়েছি। তবে এখনো লিখিত কোনো পত্র হাতে পাইনি।’