নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় উপজেলার চিনিশপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৯ সালের ২১ ডিসেম্বর আবদুল মান্নান খানকে উপজেলা বিএনপির সভাপতি ও আবু ছালেহ রিকাবদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠন করে জেলা বিএনপি। কমিটি গঠনের পরই মান্নান খানের সঙ্গে ব্যক্তিগত ও দলীয় অবস্থান নিয়ে মনস্তাত্ত্বিক বিরোধে জড়িয়ে পড়েন তোফাজ্জল হোসেন। এ ছাড়া আগামী সংসদ নির্বাচনে মান্নান খান দলের মনোনয়ন চাইবেন—এমন গুঞ্জনে তাঁদের মধ্যে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কেন্দ্রীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আলাদাভাবে কর্মসূচি পালন করা হয়। এ পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।