রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রদর্শনী কক্ষে ‘১৯ কুঁড়ি’ শিরোনামের এ প্রদর্শনীতে ৫১ জন শিল্পীর ৯৭টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা শরীফ আনোয়ার। এ সময় অধ্যাপক ঋতেন্দ্র কুমার শর্মা, অধ্যাপক গোলাম ফারুক, এস এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আজ বুধবার ও কাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে পেইন্টিং, ক্যালিগ্রাফি, জলরংসহ বিভিন্ন পদ্ধতিতে আঁকা চিত্রকর্ম ও ভাস্কর্য স্থান পেয়েছে।