সারা দেশের পাঁচ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে এই ক্যাপসুল খাওয়ানো হয়। সরকারি কর্মকর্তারা বলেছেন, সফলভাবে এ কর্মসূচি পালিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক এ বি এম মুজহারুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছেন, মা-বাবা বা অভিভাবকদের ব্যস্ততা বা অন্য কারণে যেসব শিশু গতকাল ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে পারেনি, স্বাস্থ্যকর্মীরা এসব শিশুকে খুঁজে বের করবেন এবং বাড়ি বাড়ি গিয়ে ক্যাপসুল খাওয়াবেন। এ সুযোগ পাবে দুর্গম ১২টি জেলার ৪৬টি উপজেলার ২৬০টি ইউনিয়নের শিশুরা।