শিশু সামিউল হত্যা মামলায় অভিযোগপত্র

রাজধানীর মোহাম্মদপুরে শিশু সামিউল হত্যা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হত্যা, হত্যার প্ররোচনা এবং লাশ গুম ও সহযোগিতার অপরাধে সামিউলের মা আয়শা ও তাঁর বন্ধু শামসুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আদাবর থানার পুলিশ। আদালত আগামী ২ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। তবে নাদিরা জামান সাথী ও নূরুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি তদন্ত করেছেন উপপরিদর্শক (এসআই) কাজী সাহান হক। অভিযোগপত্রে বলা হয়, সামিউলকে হত্যা ও হত্যার প্ররোচনার অভিযোগে সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ২০১, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলায় ৩১ জনকে সাক্ষী করা হয়েছে।