হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে আবার অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রথম দিনে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে সকালে শহরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম ও দক্ষিণ তীরে উচ্ছেদ অভিযান শুরু করে। নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ ও সামসুদ্দৌহার নেতৃত্বে উচ্ছেদ অভিযানের সময় বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ বন্দরের উপপরিচালক আলমগীর কবিরসহ বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ ও র্যাবের সদস্য।বিআইডব্লিউটিএর কর্মকর্তা আলমগীর কবির জানান, গতকাল মোট ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে সাতটি টিনের ঘর, ছয়টি টিনশেডের বিল্ডিং, একটি পাকা গুদাম, একটি নিরাপত্তাপ্রাচীর, দুটি টয়লেট ও নদী ঘেরাও দেওয়া একটি বাঁশের বেড়া। উচ্ছেদ অভিযানে দুই শতাধিক শ্রমিক অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ জানান, সপ্তাহের দুই দিন সোম ও মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে। জানা গেছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর দুই তীরের মোট তিন হাজার ৩৩০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে। এর মধ্যে গত ৯ মার্চ সোনারগাঁ মৌজার শীতলক্ষ্যা নদী থেকে ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।