শেরপুর জেলা কালেক্টরেট ভবনের প্রধান ফটকে কর্তব্যরত পুলিশ সদস্যের হাতে গতকাল বৃহস্পতিবার সকালে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের জারিকারক (প্রসেস সার্ভার) মো. সোহাগ মিয়া প্রহূত হয়েছেন। এ ঘটনায় জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারিক হাকিম আদালতে কর্মরত কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় আদালতের কার্যক্রম প্রায় এক ঘণ্টা বিঘ্নিত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শেরপুরের পুলিশ সুপারের নির্দেশে কালেক্টরেট ভবনের প্রধান ফটকে গতকাল কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়।