শেরপুরের শ্রীবরদী উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত মেহেদী হাসান (২০) নামের এক বখাটেকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আল মাহমুদ এ দণ্ড দেন। মেহেদী হাসান শেরপুরের শ্রীবরদী পৌর শহরের সাতানী শ্রীবরদী মহল্লার বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বখাটে মেহেদী হাসান শ্রীবরদী পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন। গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয় ফটকের সামনেই ওই ছাত্রীর পথরোধ করেন মেহেদী। এ সময় ছাত্রীর চিৎকারে সাদা পোশাকে কর্মরত শ্রীবরদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামিম স্থানীয় লোকজনের সহায়তায় মেহেদী হাসানকে আটক করেন। এ ঘটনায় স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে শ্রীবরদী থানায় মেহেদী হাসানের বিরুদ্ধে একটি মামলা করে।