শেরপুরে নির্বাচন কার্যালয়ে আগুন

শেরপুর সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে আজ রোববার সকালে আগুন লাগে। টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আনসার সদস্য ও অন্যরা আগুন নেভান।

আগুনে একটি ব্যালট বাক্স, একটি টাইপ রাইটার মেশিন, কিছু পুরোনো ভোটার তালিকাসহ বেশ কিছু কাগজপত্র ও চারটি চেয়ার পুড়ে গেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন ফারজানা প্রথম আলোকে জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় ও অনুসন্ধানের জন্য রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।