নির্বাচনী প্রচারণার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার নীলফামারীর দুটি আসনের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে পৃথক নির্বাচনী জনসভা করেছেন সাংসদ আসাদুজ্জামান নূর।
জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্টে বিকেলে নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ আংশিক) আসনের প্রার্থী গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় নূর বলেন, ১৮-দলীয় জোট যে আন্দোলন করছে, এটা আন্দোলন নয়। বরং বিএনপি কর্মসূচি দেয় আর জামায়াত-শিবির কর্মসূচির নামে মানুষ হত্যা করছে, গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, রাস্তার গাছ কাটছে ও রেললাইন উপড়ে ফেলছে। তাদের কাছে শিশুরাও নিরাপদ নয়। তিনি বিএনপি ও জামায়াত-শিবিরের সহিংসতার সমালোচনা করে তাদের প্রতিহত করতে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের পাঁচ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম মোস্তফাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
পরে সন্ধ্যায় তিনি নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী জনসভায় যোগ দেন।