পাবনা-১ আসন

শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন শামসুল হক

শামসুল হক টুকু
শামসুল হক টুকু

পাবনা-১ আসনে শেষ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। মনোনয়ন পেতে তাঁকে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে সাবেক সাংসদ ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদের সঙ্গে।

গতকাল রোববার এলাকায় দলীয় মনোনয়নের ঘোষণা এলে শামসুলের সমর্থকেরা উৎসবে মেতে ওঠেন। অন্যদিকে হতাশা নেমে আসে সাইয়িদের সমর্থকদের মধ্যে।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন ছয়জন। কিন্তু দৌড়ে এগিয়ে ছিলেন শামসুল ও সাইয়িদ। এবারের নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই দুই মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় নেতাদের কাছে মনোনয়নের জন্য তদবির করে আসছিলেন। ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে তাঁরা দুজন ঢাকায় টানা অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের কাছে ধরনা দিয়ে আসছিলেন।

এদিকে এলাকায় তাঁদের কর্মী-সমর্থকেরা সময় কাটিয়েছেন উৎকণ্ঠার মধ্যে। ঢাকা থেকে আসা উড়ো খবরের ভিত্তিতে কখনো তাঁরা উচ্ছ্বাসে মেতেছেন, আবার কখনো হতাশায় ডুবেছেন। দুই পক্ষের মধ্যে চলছিল চাপা উত্তেজনা।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাইয়িদের সমর্থকেরা ছিলেন উৎফুল্ল। কারণ, তাঁরা খবর পান, সাইয়িদ দলীয় মনোনয়ন পাচ্ছেন। এ খবরে শামসুলের সমর্থকদের মধ্যে হতাশা নেমে আসে। কিন্তু ওই দিন সন্ধ্যার পর আবার খবর আসে, শামসুল মনোনয়ন পাচ্ছেন। আবার রাত পৌনে ১১টার দিকে সাইয়িদ সমর্থকদের কাছে আবার খবর আসে সাইয়িদই মনোনীত হয়েছেন। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সমর্থকেরা প্রচার করতে থাকেন।

কিন্তু গতকাল সকাল ১০টার দিকে ঢাকা থেকে শামসুল ও তাঁর সঙ্গে থাকা ঘনিষ্ঠজনেরা খবর পাঠান, দলীয় মনোনয়ন সংগ্রহের জন্য শামসুল হককে ডাকা হয়েছে। বেলা ১১টার দিকে নির্বাচনী এলাকায় খবর আসে, শামসুল দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন। এ খবরে তাঁর সমর্থকেরা উৎসবে মেতে ওঠেন। বেড়া ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের ধুম পড়ে যায়। কোথাও কোথাও কর্মী-সমর্থকেরা রং ছিটিয়ে আনন্দ প্রকাশ করেন।

এ ঘটনার পর হতাশা নেমে আসে সাইয়িদের সমর্থকদের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সমর্থক বলেন, ‘আমরা নিশ্চিত ছিলাম যে আমাদের নেতাই (সাইয়িদ) মনোনয়ন পাবেন। ঢাকা থেকে এমন খবরই আমরা পেয়েছিলাম। কিন্তু যা ঘটল, তা খুবই দুঃখজনক।’

সাইয়িদ ও শামসুল দুজনেরই বাড়ি বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লায়। তাঁদের নেতৃত্বের দ্বন্দ্ব দীর্ঘদিনের।