ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের নয়টি শেল ও নয়টি শটগানের গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হারুনদিয়া গ্রামের আওয়ামী লীগের কর্মী নজরুল ইসলামকে একই দলের পান্না খাঁর লোকজন গত বৃহস্পতিবার কুপিয়ে জখম করে। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার বিকেলে নজরুলের সমর্থকেরা প্রতিপক্ষের তিনজনকে পিটিয়ে আহত করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। বিকেলেই দেবতলা, অচিন্ত্যপুর, গোকুলনগর, দহখোলা, হারুনদিয়াসহ ছয়-সাতটি গ্রামের উভয় পক্ষের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর জখম টুনু, সফি, আক্তার, শহিদুল, পল্টন ও দশম শ্রেণীর ছাত্র মোস্তাককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।