সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুরের খুঁটিকাটা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে বোমা হামলার ঘটনায় পুলিশ গত রোববার ভোরে ১১ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাত আটটার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে।শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান গাজী জানান, গত শনিবার সন্ধ্যায় ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মীরা খুঁটিকাটা এলাকায় তাঁদের অফিসে সাংগঠনিক সভা শেষে ইউনিয়ন জামায়াতের আমির নূরুল আমিন, আবদুস সাত্তার, গোলাম রব্বানীর নেতৃত্বে চণ্ডীপুরে অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে এসে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেন। এ সময় তাঁরা অফিসের আসবাবপত্র, চেয়ার-টেবিল ভাঙচুর করে চলে যাওয়ার সময় চার-পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটান। তবে বোমা হামলার সময় তাঁরা সবাই বাড়িতে ছিলেন বলে তিনি দাবি করেন।পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের নেতা নূরুল আমিন দাবি করেন, উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের ফাঁসাতে আওয়ামী লীগের সমর্থিত একটি মহল মিলে এ ঘটনা ঘটিয়েছে।শ্যামনগর থানার উপপরিদর্শক মো. নুরুজ্জামান জানান, পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হাবিবুর রহমান গাজী বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনের নামে মামলা করেছেন। এরই মধ্যে এজাহারভুক্ত ছয়জনসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।