শ্রীনগরে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে না পেরে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, আজ বিকেলে ভোট দিতে এসে ওই কেন্দ্র থেকে অনেক লোক ফিরে যান। তাঁরা অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকেরা জাল ভোটের মাধ্যমে তাঁদের ভোট নিয়েছেন। বিকেল পৌনে চারটার দিকে ভোট দিতে না পেরে উত্তেজিত হয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী মোমেন আলীর সমর্থকেরা ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির কাচ ভেঙে যায়।

শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘আমরা সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা রয়েছেন।’