শ্রীবরদীতে টর্নেডো, শতাধিক বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের পাঁচটি গ্রামের ওপর দিয়ে গতকাল রোববার ভোরে টর্নেডো বয়ে যায়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে শ্রীবরদীর গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া, ভারেরা, ধাতুয়া, বাদে ঘোনাপাড়া ও গিলাগাছা গ্রামের ওপর দিয়ে টর্নেডো বয়ে যায়। মাত্র তিন-চার মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে এসব গ্রামের ২০-২৫টি টিনের বসতবাড়িসহ শতাধিক কাঁচা বাড়ি সম্পূর্ণ লন্ডভন্ড হয়। টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয় গোসাইপুর ইউনিয়ন পরিষদ ভবনের একাংশ, ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিয়াকুড়া দাখিল মাদ্রাসা ও জঙ্গলখিলা নতুন মসজিদ। শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আল মাহমুদ বিকেলে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে।