ইয়াবাসহ গ্রেপ্তার পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার ২০০টি ইয়াবা বড়িসহ মনির হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৮ সদস্যরা। মনিরের বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়। র্যাব-৮ ক্যাম্পের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নূর-উজ-জামান বলেন, জব্দ করা বড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পটুয়াখালী অফিস।মুঠোফোন ছিনতাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. সাইফুল ইসলামকে মারধর করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ছাত্রলীগের অপর একটি পক্ষ। ইউনিয়নের পাইখ্যারটিলা ও যুগিপাড়া এলাকার তিন সড়কের মিলনস্থলে গত সোমবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাইফুল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি। প্রতিবাদ সমাবেশকিশোরগঞ্জের কটিয়াদী পাইলট বালক উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটি স্কুলের পুকুর ভরাট করে মার্কেট বানানোর সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও পৌর মেয়রের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দিয়েছে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান, কাউন্সিলর নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সেক্রেটারি আরিফুর রহমান, বণিক সমিতির সেক্রেটারি শফিকুল ইসলাম প্রমুখ। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।গ্রেপ্তার ১কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গত সোমবার রাতে ডাকাত সর্দার মো. আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক ও মিজানুর রহমান উপজেলার মসুয়া ইউনিয়নের ফুলদি বাজারে অভিযান চালিয়ে সাতটি ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি আলমকে গ্রেপ্তার করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, আলম মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে সাতটি ডাকাতি মামলা রয়েছে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।এলাকায় স্বস্তিকুমিল্লার উত্তরাঞ্চলের ইসমাইল বাহিনীর অন্যতম সদস্য একরামকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার দেবীদ্বার উপজেলার ভানী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ কামাল আকন্দ বলেন, পুলিশ দেখে পালানোর সময় সোমবার বিকেলে একরামকে গ্রেপ্তার করা হয়। চান্দিনা থানাসহ বিভিন্ন থানায় খোঁজ নিয়ে জানা যায়, তাঁর বিরুদ্ধে মাদক চোরাচালানি, চাঁদাবাজি, সন্ত্রাসী, জবরদখল, অস্ত্র আইনসহ বিভিন্ন মামলা রয়েছে। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।