সংক্ষেপে সারা দেশ

দুজন গ্রেপ্তার বরগুনার আমতলী উপজেলায় এক ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. তৌহিদুল ইসলাম ও বাদল হাওলাদার নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা সদরের পৃথক দুটি এলাকা থেকে পুলিশ ওই দুজনকে গতকাল রোববার গ্রেপ্তার করে। ব্যবসায়ী অমল পালের ওপর হামলা করে গত বুধবার দুর্বৃত্তরা ১০ লাখ ৪২ হাজার টাকা ছিনতাই করে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে তৌহিদ ও বাদলকে কারাগারে পাঠানো হয়েছে। আমতলী (বরগুনা) প্রতিনিধি।মানববন্ধন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মালার খালের মোহনায় স্লুইসগেট ও হলতা খালে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুলিসাখালী ইউনিয়নের হোতখালী গ্রামে গতকাল রোববার সকাল নয়টা থেকে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা অংশ নেন। বেসরকারি কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এবং হোতখালী কৃষি উন্নয়ন সংগঠন যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করে। স্থানীয় কৃষিজমিতে লবণ-পানির প্রবাহ রোধে ওই বেড়িবাঁধ ও স্লুইসগেট নির্মাণের জন্য বক্তারা দাবি জানান। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।নতুন কমিটিআরিফুল ইসলামকে সভাপতি এবং জামিল আক্তারকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ২০১২-১৩ মেয়াদের কমিটি গঠিত হয়েছে। গত শনিবার টিএসসিতে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২৭ সদস্যের এই কমিটি গঠিত হয়। অন্য সদস্যরা হলেন: সহসভাপতি প্রণব ভৌমিক, সহসাধারণ সম্পাদক তানভীর নাহিদ খান, কোষাধ্যক্ষ দ্রুতি ফাহমিন, আন্তর্জাতিক সম্পাদক নাহিদ ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাল আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক নাবিল আল জাহান, দপ্তর সম্পাদক মাহবুবা চৌধুরী এবং পাঠচক্র সম্পাদক সামি আল মেহেদি। ১৭ জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।