কিশোরগঞ্জের হোসেনপুরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার থানায় একটি মামলা হয়েছে। হোসেনপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ ১২ জনকে আসামি করে মামলাটি করেন। এরপর পুলিশ সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সিদলা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন, সাবেক সদস্য সিদ্দিক হোসেন, টানসিদলা গ্রামের আবদুল মোতালিব ও আবুল কাসেম। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল আদালতে পাঠানো হয়। বিচারক এস এম রাজিবুল হাসান তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সিদলা ইউপির বর্তমান সদস্য আবুল ও সাবেক সদস্য সিদ্দিকের নেতৃত্বে টানসিদলা ও ধুলিহর গ্রামের মধ্যে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কোনো আলোচনা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় ধুলিহর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।
এরই জের ধরে গত শনিবার দুপুরে টানসিদলা ও ধুলিহর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করলে গ্রামবাসী উল্টো ইটপাটকেল ছোড়ে। এ সময় হোসেনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক হোসেন, কনস্টেবল সোহেল, রানা হামিদ, আবুল কাশেম ও ছয় গ্রামবাসী আহত হন। পরে পুলিশ নয়টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।