
সুসাংবাদিকতা, জনমুখিনতা, বদলের সহযোগী, সৃজনশীলতা ও সংহতি—এই পাঁচ মূল্যবোধ ধারণ করেই প্রথম আলোর পথচলা। ২৩ বছরের যাত্রায় প্রথম আলো সব সময় এসব মূল্যবোধ চর্চা করেছে। করোনাকালেও থেমে ছিল না সেই ধারা। দুই বছর আগে শুরু হওয়া করোনা মহামারিতে পুরো বিশ্ব যখন ওলট–পালট, তখন প্রথম আলোও পাঠকের সঙ্গে যুক্ততার সৃজনশীল পথ বের করেছে। পাঠককে সঠিক তথ্য জানানোর পাশাপাশি ছিল নতুন উদ্যোগ। এই উদ্যোগের মধ্য দিয়ে প্রথম আলো পেল আন্তর্জাতিক স্বীকৃতি।
ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২২’-এ দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে প্রথম আলো। এ অর্জনের পেছনে ছিল সৃজনশীল উদ্যোগ। কনটেন্ট ও বিজ্ঞাপন বিভাগের সমন্বিত সৃজনশীল কৌশলের এমন এক উদ্যোগ হলো ‘প্রিন্ট নেভার ব্রেকস’ (সংবাদপত্র কখনো থেমে যায় না)। উদ্যোগটি ইনমার ন্যাশনাল ব্র্যান্ড বিভাগে বেস্ট ইউজ অব প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম হয়েছে।
সংবাদমাধ্যমের বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন ইনমার বৈশ্বিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো কোনো বিভাগে প্রথম স্থান অর্জন করল বাংলাদেশি কোনো সংবাদমাধ্যম।
এই ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে ক্রোয়েশিয়ার গ্লোরিয়া গ্ল্যাম এবং আয়ারল্যান্ডের আইরিশ এক্সামিনার। একই ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে আরব আমিরাতের আরব নিউজ, যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমস এবং কানাডার টরস্টার।
প্রিন্ট নেভার ব্রেকস উদ্যোগের মধ্যে তিনটি বিশেষ দিক ছিল
এক. বছরজুড়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে বিশেষ আয়োজন: ক্রোড়পত্র থেকে শুরু করে বিশেষ ফিচার, প্রতিবেদন, আলোচনা কিংবা অনলাইনকে যুক্ত করে ভিডিওর মতো উদ্যোগ। বিশ্ব হার্ট দিবস, বিশ্ব পর্যটন দিবস, বিশ্ব ভিডিও গেমস দিবস—এমন নানা দিবসে ছিল বিশেষ উদ্যোগ। এসব আয়োজন পাঠকপ্রিয়তা যেমন পেয়েছিল, তেমনি সংবাদপত্রের নতুন আয়ের পথও তৈরি হয়।
দুই. করোনাকালে প্রথম আলো আলাদা করে বাড়তি গুরুত্ব দেয় আঞ্চলিক সংবাদ পরিবেশনে। দেশে বিভিন্ন অঞ্চলকে নিয়ে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়। ওই সব অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে ছিল বৈচিত্র্যপূর্ণ কনটেন্ট। ছাপা পত্রিকার নতুন পাঠক তৈরির পাশাপাশি আঞ্চলিক ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোকে আঞ্চলিক বিজ্ঞাপন প্রচারের সুযোগ করে দেয় এমন উদ্যোগ।
তিন. ব্র্যান্ড, বিজ্ঞাপনদাতা ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর সঙ্গে আরও গভীরভাবে কাজ করার নতুন উদ্যোগেও বাড়তি নজর দেওয়া হয়। নানা বিষয়ে ওয়েবিনার, গোলটেবিল বৈঠক, ভিডিও ব্র্যান্ডিংয়ের মতো আয়োজন করোনাকালে প্রথম আলোর নতুন উদ্যোগকে আরও সমৃদ্ধ করে।
করোনাকালে অন্য অনেক কিছুর মতোই কিছুটা হোঁচট খেয়েছিল সংবাদপত্রশিল্প। কিন্তু কনটেন্ট, ব্যবসা এবং প্রযুক্তিগত নানা দিকের প্রচলিত ধারা বদলে প্রথম আলো নেয় নতুন উদ্যোগ। যদিও করোনাকালের নানামুখী সংকটের মধ্যে কাজটি সহজ ছিল না। একক কোনো উদ্যোগ না নিয়ে দলগত সহযোগিতার ভিত্তিতে এগিয়ে চলে প্রথম আলো। ছাপা পত্রিকা যে কখনো থেমে থাকে না, তার আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম।