মুন্সিগঞ্জের ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবেরা তিন দফা দাবিতে অনশন পালন করেছেন। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচিবেরা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন। ইউপি সচিবদের দাবিগুলো হলো ইউপি সচিব পদবি পরিবর্তন করে মুখ্য কর্মকর্তা করে দশম গ্রেড কর্মকর্তার মর্যাদা প্রদান, বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধা শতভাগ সরকারি কোষাগার থেকে দেওয়া, আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন-সুবিধা দেওয়া। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এইচ এম রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাপসার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আল মোহন, জেলা বাপসার সহসভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ