বাংলাদেশ সচিবালয়ে আজ সোমবার ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্য অধিদপ্তর আয়োজিত এ প্রদর্শনী আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, এস এম হারুন-অর-রশীদ, যুগ্ম-সচিব (প্রেস) মোহাম্মদ নূরুল ইসলামসহ মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন ‘এ প্রদর্শনী উদ্বোধনের মধ্য দিয়ে সচিবালয়ের ইতিহাসে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হলো। জাতির পিতার বেশ কিছু দুর্লভ আলোকচিত্র এখানে স্থান পেয়েছে।’