সড়ক অবরোধ

নীলফামরীর সৈয়দপুর বাইপাস সড়কের ডাঙ্গাপাড়া মোড়ে গতিরোধক নির্মাণের দাবিতে গতকাল শনিবার দুপুরে সড়কটি অবরোধ করেন এলাকাবাসী। তাঁরা সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফেলে এই অবরোধের সৃষ্টি করেন। এতে সৈয়দপুর শহরে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বাইপাস সড়কের ডাঙ্গাপাড়া মোড়ে শ্যামলী (৮) নামের এক শিশু রাস্তা পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হয়। এ ঘটনায় পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম আজম জানান, উল্লিখিত স্থানে দুটি গতিরোধক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।