সবার জন্য অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশ নিশ্চিত করা জরুরি: আর্টিকেল নাইনটিন

আর্টিকেল নাইনটিনের সৌজন্যে
আর্টিকেল নাইনটিনের সৌজন্যে

যৌন বৈচিত্র্যপূর্ণসহ বাংলাদেশের সব ধরনের মানুষের মানবাধিকারের পূর্ণ ও সমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন। যৌন বৈচিত্র্যপূর্ণ মানুষের প্রতি ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবসের প্রাক্কালে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ আহ্বান জানিয়েছে।

প্রতিবছর ১৭ মে এ দিবস পালন করা হয়। ‘আমাদের দেহ, আমাদের জীবন, আমাদের অধিকার’ প্রতিপাদ্য নিয়ে এ বছর দিবসটি পালন করা হবে।

আর্টিকেল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, যৌনবৈচিত্র্য, লিঙ্গপরিচয় বা লিঙ্গবৈশিষ্ট্যের কারণে মানুষের ওপর আক্রমণ, অবিচার, সহিংসতা, বৈষম্য, নাগরিক হিসেবে তাদের সুরক্ষা ও অধিকারের অভাব এবং তাদের বিরুদ্ধে ঘৃণার মন্তব্য মৌলিক মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন। যৌন ও লৈঙ্গিক দৃষ্টিভঙ্গিনির্বিশেষে প্রত্যেক নাগরিকের সম্মানজনক নিরাপদ জীবনযাপনের ও সুরক্ষিত থাকার অধিকার রয়েছে।

‘বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৮(১)–এ বলা হয়েছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী–পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না।’

এই প্রেক্ষাপটে সব মানুষের মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধা এবং একটি ন্যায্য ও সবার প্রতি সহনশীল সমাজ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আর্টিকেল নাইনটিন।