সমুদ্রে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য চাল বরাদ্দ

ছবি: সংগৃহীত

দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন (২০ মে-২৩ জুলাই) মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জন্য ১৬ হাজার ৭৫১ দশমিক ৫৬ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে সরকারের মানবিক খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় দেওয়া হয়েছে এ সহায়তা।

উপকূলীয় ১৪ জেলার ৬৭ উপজেলা ও চট্টগ্রাম মহানগরীর ২ লাখ ৯৯ হাজার ১৩৫টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ প্রদান করা হয়েছে। সহায়তার আওতায় নিবন্ধিত প্রতিটি জেলে পরিবারকে প্রথম ধাপে প্রতি মাসে ৪০ কেজি করে ৪২ দিনে (২০ মে-৩০ জুন) মোট ৫৬ কেজি চাল দেওয়া হবে।

১২ মে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ–সংক্রান্ত আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ভিজিএফের চাল ১০ জুনের মধ্যে উত্তোলন ও মৎস্যজীবীদের মধ্যে বিতরণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। কার্ডধারী জেলে ছাড়া ভিজিএফের চাল প্রদান না করা ও মৃত কিংবা পেশা পরিবর্তনের কারণে জেলের সংখ্যার পরিবর্তন হলে তা পর্যালোচনা করে নীতিমালা অনুযায়ী চাল বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত উপজেলাগুলো হলো খুলনার বটিয়াঘাটা, দাকোপ, পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া, দীঘলিয়া ও রূপসা; বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা; সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর; চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, মিরসরাই, সন্দ্বীপ, কর্ণফুলী, সীতাকুণ্ড ও চট্টগ্রাম মহানগর; কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী, উখিয়া, পেকুয়া, কুতুবদিয়া, টেকনাফ ও রামু; নোয়াখালীর হাতিয়া, সদর, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ; ফেনীর সোনাগাজী; লক্ষ্মীপুরের রামগতি, সদর, কমলনগর ও রায়পুর; বরিশালের মেহেন্দিগঞ্জ, বাকেরগঞ্জ, হিজলা, সদর ও উজিরপুর; ঝালকাঠির রাজাপুর; বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী ও তালতলী; পিরোজপুর সদর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর, নেছারাবাদ, কাউখালী ও ইন্দুরকানি; পটুয়াখালী সদর, কলাপাড়া, বাউফল, দুমকি, মির্জাগঞ্জ, গলাচিপা, রাঙ্গাবালী ও দশমিনা এবং ভোলা সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, দৌলতখান, লালমোহন, তজুমুদ্দিন ও মনপুরা।

সামুদ্রিক মৎস্য আইন ২০২০–এ দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য চলতি বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করে গত ২৪ এপ্রিল প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।