বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারদলীয় বিনিয়োগকারীদের সুবিধা দিতে শেয়ারবাজারে পরিকল্পিতভাবে ধস নামিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা লুট করা হয়েছে। এ লুটের টাকা ভারতে পাচার হয়েছে বলে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, এ টাকা কোথায় গেল, তা খতিয়ে দেখতে হবে।গতকাল সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল এসব অভিযোগ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান, নজরুল ইসলাম খান ও চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ এলেই শেয়ারবাজারে বিপর্যয় ও লুটপাটের ঘটনা ঘটে। এ দলটি ক্ষমতায় থাকা অবস্থায় ১৯৯৬ সালে শেয়ারবাজারে একই ধরনের বিপর্যয় ঘটেছিল। এ ঘটনার পেছনে কারা আছে—তা খতিয়ে দেখতে হবে।