সরকারি কর্মচারীকে মারধর, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীকে মারধর করার অভিযোগে পুলিশ গতকাল বুধবার দুপুরে দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন, সাদির মিয়া (২০) ও কামাল মিয়া (২২)। তাঁদের বাড়ি উপজেলার বগডহর গ্রামে। তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা আনুমানিক ১১টায় কর্তব্যরত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মকবুল হোসেনের (৩০) ওপর হামলা করে ছয়-সাতজন যুবক। এ ঘটনায় তিনি বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে নবীনগর থানায় মামলা করেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী বলেন, সরকারি কর্মচারীকে মারধর করার অভিযোগে এ মামলা নেওয়া হয়েছে। এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।