সরকারি জমিতে মার্কেট নির্মাণ নোটিশ জারি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারের পাশে ব্রহ্মপুত্র নদের তীরে সরকারি জায়গা দখল করে বহুতল বিপণিবিতান (মার্কেট) নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নির্মাণকাজ বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দিয়েছেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, বারদী বাজারের পাশে ব্রহ্মপুত্র নদের তীরে এসএ ও আরএস দাগের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৫৭ শতাংশ জমি দখল করে এক মাস ধরে বহুতল মার্কেট ভবনের নির্মাণকাজ শুরু করেন স্থানীয় পরমেশ্বরদী গ্রামের বাসিন্দা খোকন মোল্লা। ভবনের নিচতলার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ ঘটনায় এলাকাবাসী গত মঙ্গলবার ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন। গতকাল সহকারী কমিশনার (ভূমি) এস এম জাকারিয়ার নেতৃত্বে স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান।