ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া গ্রামে গত শনিবার দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বারিউড়া গ্রামের আবু তাহের সরদার ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং একই গ্রামের বাসিন্দা মনছুর আহমেদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।