গাজীপুরের শ্রীপুর উপজেলার ত্রিমোহনী বিডি উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার সহপাঠীর ছুরিকাঘাতে সুমন মিয়া (১৪) নামের দশম শ্রেণীর এক ছাত্র খুন হয়েছে। সে বরকুল গ্রামের আবুল কালামের ছেলে। এ সময় ছুরিকাঘাতে তার অপর দুই সহপাঠী নান্দিয়াসাঙ্গুন গ্রামের মনির হোসেনের ছেলে তুষার মিয়া (১৫) ও আফসার উদ্দিনের ছেলে তুষার মিয়া (১৫) আহত হয়। বেলা একটার দিকে ওই বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। হামলাকারীকে গণপিটুনির সময় পুলিশ আহতাবস্থায় উদ্ধার করে। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসীর এলোপাতাড়ি লাঠির আঘাতে শ্রীপুরের ইউএনও, থানার এএসপি, ওসি ও এক এসআই আহত হন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজীজ হায়দার ভূঁইয়া জানান, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।