
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন আহমেদ আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
স্বজনেরা জানান, সাংবাদিক গিয়াস উদ্দিন আহমেদ বারিধারা ডিওএইচএসের বাসায় হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
গিয়াস উদ্দিন আহমেদ স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। অর্থনীতি, বাণিজ্য বিষয়ে তিনি প্রায় ৪০ বছর দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করেন। কয়েক বছর আগে তিনি অবসর নেন।
সাংবাদিক গিয়াস উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান। সাংবাদিক নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।