সাউথ বাংলা ব্যাংকের সাবেক পরিচালক কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

জালিয়াতির মাধ্যমে কাগুজে কোম্পানির নামে ১২ কোটি টাকা ঋণ নেওয়ার মামলায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসিবি) সাবেক পরিচালক ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম।

জালিয়াতির মাধ্যমে কাগুজে কোম্পানির নামে ১২ কোটি ১১ লাখ টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, মোয়াজ্জেম হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে গত ১৭ জানুয়ারি মামলা করে দুদক।

দুদকের পিপি বলেন, এ মামলায় মোয়াজ্জেম হোসেন আদালতে আত্মসমর্পণ করে আজ বৃহস্পতিবার জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় অপর সাত আসামি পলাতক। তাঁরা হলেন এস এম আমজাদ হোসেন, এ কে এম আসিফ উদ্দিন, শেখ শরফুদ্দিন, ইশতিয়াক আহমেদ, রুমন উল ইসলাম, তাজউদ্দীন চৌধুরী ও তোশা নূর।

মামলায় বলা হয়েছে, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপকসহ অন্যরা কাগুজে কোম্পানি রাফি মাহি করপোরেশনের নামে ১২ কোটি ১১ লাখ টাকা ঋণ অনুমোদন দেন। পরে সেই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন আসামিরা।