
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান মামুন (২১)। আজ বৃহস্পতিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। মামুনের বাড়ি ঢাকার গাজীপুরে।
একই কলেজের চতুর্থ বর্ষের ছাত্র সাইদুল ইসলাম তুহিন বলেন, যুব রেডক্রিসেন্টের সৌজন্যে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় আনন্দ ভ্রমণের জন্য বিভিন্ন বর্ষের ৫৪ জন ছাত্র কুয়াকাটায় যান। সেখানে তাঁরা পুলিশ ফাঁড়ির নিকটবর্তী হোটেল সী-কুইনে ওঠেন। দুপুরের পর অনেকেই সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে অন্যরা হোটেলে ফিরলেও তিনজন তখনো গোসল করছিলেন। এর মধ্যেই মামুন নিখোঁজ হন। শুক্রবার তাঁদের কুয়াকাটা ছাড়ার কথা ছিল।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সঞ্জয় মণ্ডল বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বিকেল তিনটার দিকে দলবেঁধে এ ছাত্ররা সাগরে গোসল করতে নামেন। বিকেল সাড়ে তিনটার দিকে তাঁরা মামুন নামে এক ছাত্রের নিখোঁজ হওয়ার খবর পান। এর পর থেকেই মাছধরা ট্রলারের সাহায্য উদ্ধার তৎপরতা চলছে। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামুনের সন্ধান পাওয়া যায়নি।