চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুই হাজার ৪০০টি হাইব্রিড জাতের আকাশমণিগাছের গুঁড়ি জব্দ করেছে উপজেলার বড়দুয়ারা বন বিটের কর্মকতা-কর্মচারীরা৷ তবে কোনো কাঠ চোরকে আটক করতে পারেননি তাঁরা৷
বন বিট কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বন বিটের লোকজন অভিযান চালিয়ে মজুত অবস্থায় আকাশমণিগাছের গুঁড়িগুলো জব্দ করে বিট কার্যালয়ে নিয়ে আসে৷ সংঘবদ্ধ কাঠ চোরের দল বিভিন্ন বনভূমি থেকে গাছের গুঁড়িগুলো চুরি করে ছদাহার ফকিরহাটে পাচারের উদ্দেশ্যে মজুত করে রেখেছিল৷ কাঠ চোরেরা অভিযনের খবর পেয়ে গাছের গুঁড়িগুলো ফেলে পালিয়ে যায়৷
বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা বন বিট কার্যালয়ের কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী বলেন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কার্যালয়ের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে আকাশমণিগাছের গুঁড়িগুলো জব্দ করা হয়েছে৷ তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি৷